ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ছাগল চুরির সময় হাতেনাতে ধরা মাদারীপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি

ছাগল চুরির সময় হাতেনাতে ধরা মাদারীপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি
×

তুহিন দর্জি -সংগৃহীত ছবি

মাদারীপুর সংবাদদাতা

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২১ | ০৮:১২ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২১ | ০৯:৫৯

মাদারীপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি তুহিন দর্জিকে ( ৩০ ) ছাগল চুরির অভিযোগে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পুরাতন ফেরিঘাট এলাকার মাদারীপুর-শিবচর আঞ্চলিক সড়কের ওপর থেকে একটি প্রাইভেটকার ও চুরি করা ছাগলসহ তাকে আটক করা হয়।  এসময় তার ৪ সহযোগীকেও আটক করা হয়েছে।

তুহিন দর্জি শহরের ইটেরপুল এলাকার ও জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি ও ঘটমাঝি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির দর্জির ছেলে।

আটক অন্যরা হলেন- কুড়ি মাহবুব (২৮), রবিউল ইসলাম (১৯), জোবায়ের হাওলাদার( ২০), রানা বেপারী (২০)।

উদ্ধারকৃত ছাগল -সমকাল

পুলিশ জানায়, জেলা ছাত্রলীগের সহসভাপতি তুহিন দর্জি সহযোগীদের নিয়ে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পুরাতন ফেরিঘাট এলাকার রাস্তার পাশ থেকে লোকমান মালত নামের এক ব্যক্তির একটি ছাগল চুরি করে প্রাইভেটকারে করে নিয়ে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় লোকজন চোর চোর বলে চিৎকার দেন। এমন সময় শিবচর থেকে একটি পুলিশের গাড়ি রাস্তা দিয়ে মাদারীপুরে আসছিল। মানুষের চিৎকার শুনে পুলিশের গাড়িটি প্রাইভেটকারটিকে সামনে থেকে আটকে ফেলে। পরে গাড়ির মধ্য হতে একটি ছাগলসহ জেলা ছাত্রলীগের সহসভাপতি তুহিন দর্জিসহ ৫ জনকে আটক করা হয়। পরে পুলিশ সাদা রংয়ের প্রাইভেটকার, ছাগলসহ আটকদের থানায় নিয়ে আসে পুলিশ।

জব্দকৃত প্রাইভেটকার -সমকাল

ছাগলের মালিক লোকমান মালত বলেন, ঘাস খাওয়ার জন্য বাড়ির সঙ্গে রাস্তার পাশে আমি ছাগলটিকে বেঁধে রাখি। হঠাৎ করে একটি সাদা প্রাইভেটকার থেকে এক লোক নেমে আমার ছাগলটিকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। এ সময় আমরা ধাওয়া করি এবং পথিমধ্যে পুলিশ এসে প্রাইভেটকারসহ তুহিনসহ অন্যদের ধরে ফেলে। আমি এর বিচার চাই।

জেলা ছাত্রলীগের সভাপতি মো. জাহিদ হোসেন অনিক বলেন, আমি ছাগল চুরির ঘটনা শুনেছি । ঘটনা সত্য হলে আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

×